নিজস্ব প্রতিবেদক
অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তার সুযোগ সম্পর্কে ধারণা দিতে মানিকগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস.কে. এম. তোফায়েল হাসান।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, জেলা ও দায়রা জজ আদালতের লিগ্যাল এইডের বিচারক মারুফ আহমেদ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট আইন ও অধিকার বিষয়ে আলোচনা করেন ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ.এ. মামুন নাসিম এবং কেস ম্যানেজমেন্ট অফিসার ঝুমুর বিশ্বাস।
কর্মশালায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (সংশোধিত ২০২৩) এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর আলোকে অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনের আওতায় অপরাধ আমলে নেওয়া ও মামলা পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিবাসী কর্মীদের আইনগত অধিকার, আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কর্মশালায় বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, অভিবাসী কর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।

