বুধবার

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) জেলা কার্যালয়ের সহকারি পরিচালক প্রকৌশলী মোস্তফা কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহমেদ, গোলড়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ ক্ষেত্রে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা তুলে ধরা হয়।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে রোড শো’র আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ