নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে টিপু (৪২) নামের এক ব্যক্তিকে ৪৮ গ্রাম হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক সাইফুল ইসলাম মানিকগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব দাশড়া এলাকার মৃত ছালাম দেওয়ানের ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জেলা শহরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে চলাফেরা করে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে সাইফুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি’র এস আই মো: আশিকুর রহমান মঙ্গলবার রাতে তাকে আটক করে।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাসি করে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক সাইফুলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আবুল কালাম।

