নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় শনিবার (০৩ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে হাসপাতাল রোড এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প সম্পর্কে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “আজ আমরা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করছি। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে।
মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক এই দশটি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসকসহ শতাধিক জনবল সরাসরি এ সেবায় যুক্ত ছিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানই আমাদের অঙ্গীকার।
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন,“বিনামূল্যে চিকিৎসাসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় আমরা এ ধরনের সেবা পৌঁছে দিতে চাই। মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবায় সাটুরিয়ার তিল্লী ছাড়াও পার্শবর্তী দৌলতপুর উপজেলার রোগীরাও সেবা নিয়েছেন।
মেডিকেল ক্যাম্প সম্পর্কে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য হারুনর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশেষ করে শীত মৌসুমে গ্রামাঞ্চলের দুস্থ নারী, পুরুষ ও শিশু যারা শহরে এসে চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই গ্রাম পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলায় একাধিক স্থানে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দুস্থ রোগীদের জন্য বিভিন্ন ছাড়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

