নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে বালু উত্তোলন এবং নতুন করে বালু মহাল ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলি করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালিতলা এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম চাঁন, কাঞ্চনপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রহমান আজাদ, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই।

এসময় বক্তারা বলেন, পদ্মার ভাঙনে কাঞ্চনপুর ইউনিয়ন বিলীনের দ্বারপ্রান্তে। পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধ না করা হলে আগামী কয়েক বছরের মধ্যে উপজেলা মানচিত্র থেকে হারিয়ে যাবে কাঞ্চনপুর ইউনিয়নের অস্তিত্ব। যে কারণে জেলা প্রশাসন কর্তৃক পদ্মা নদীর এই এলাকায় নতুন বছরের ইজারা বন্ধ ও অচিরেই পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, শিশু বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

