নিজস্ব প্রতিবেদক
রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়াতে হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জে রুফটপ সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় এমন নির্দেশনা দেন সংশ্লিষ্টরা।
সভায় জেলার বিভিন্ন সরকারি স্থাপনায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘সোলার সিস্টেম স্থাপনের বিকল্প নেই। প্রতিটি ছাদেই সোলার প্যানেল বসাতে হবে। এক্ষেত্রে সরকার প্রণোদনা দিবে।’
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

