নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. হাবিবুর রহমান।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি সম্মাননা মেডেল, সনদ ও দুই লাখ টাকা গ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের একাডেমিক ও মানবিক বিকাশে ভূমিকা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে বাছাইয়ের পর হাবিবুর রহমানকে জাতীয় পর্যায়ে নির্বাচিত করা হয়।
মো. হাবিবুর রহমান মাগুরা জেলার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) পরীক্ষায় ৪-এর মধ্যে ৩.৬৭ এবং এমএসএস পরীক্ষায় ৩.৮০ সিজিপিএ অর্জন করেন। বর্তমানে একই বিভাগে এমফিল গবেষণায় যুক্ত রয়েছেন।
গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা। তাঁর গবেষণামূলক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালেও প্রকাশিত হয়েছে। ৩৪তম বিসিএসের মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগ দেন তিনি।
বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস, ভূগোল, পৌরনীতি ও অর্থনীতি পড়াচ্ছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্ব দেন হাবিবুর রহমান। নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও কাজ করছেন।
দুর্বল শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সহযোগিতা ও নিয়মিত দিকনির্দেশনাকে শিক্ষকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেন তিনি। শিক্ষকতার বাইরে সামাজিক ও আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। ২০১১-১২ সালে EBL-DUAA Inspiration Award পান। ২০১৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত One Young World Summit-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।
হাবিবুর রহমান বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক গুণে সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুকমান হোসেন বলেন, হাবিবুর রহমানের এই অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের। তিনি বলেন, বিদ্যালয় থেকে বাছাইয়ের পর বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় শিক্ষক হিসেবে তাঁরা গর্বিত।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন বলেন, বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর তাঁর যোগ্যতা ও প্রোফাইল বিবেচনা করে নির্বাচন করা হয়েছে। জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি মানিকগঞ্জের জন্যও গর্বের। হাবিবুর রহমানের এই অর্জনে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় ও মানিকগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

