নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান ও নগ্ন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকায় লাশটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে পড়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে। কিন্তু মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

