নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী স্বাভাবিক জীবনে পরিবারের কাছে ফিরে গেছে। আগামীতে তাঁরা সাধারন স্কুল ও মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করবে।
মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
বেলা দুইটায় বিদ্যালয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ এবং মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্পাদক মিজানুর রহমান খান, সহকারি ফিজিও-থেরাপিস্ট মোছা: তানিয়া সুলতানা, অভিভাবক রোমেজা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, তাদের মেধা ও প্রতিভার বিকাশ এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

