নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মধ্যপাড়া গ্রামে মেহগনি গাছ থেকে রাসেল (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পরিত্যক্ত ভিটায় মেহগনি গাছের প্রায় ২০ ফুট ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাসেল ওই গ্রামের মৃত সূরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে তিনি নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলে স্বজনেরা তাঁকে উদ্ধার করেন। পরে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সকালে স্থানীয়রা পরিত্যক্ত ভিটার একটি মেহগনি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

