মঙ্গলবার

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিশু অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
‘শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।’

মঙ্গলবার সকালে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদানকালে এ অভিমত ব্যক্ত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ। শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও বৈষম্য থেকে শিশুদের রক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) খায়রুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইফতেখারুল আলম, শিশু প্রতিনিধি প্রযত রায় ও লাইসা রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়ালে তা দেখানো হয় সব জেলায়।

উল্লেখ্য, শিশুদের শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রতিটি জেলায় এর কার্যালয় রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে শিশুরা বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে শিক্ষা লাভ করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ