বৃহস্পতিবার

১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—জাকারিয়া (১৩) ও আখি আক্তার (২৫)। নিহত অপরজন সিএনজি চালক জুয়েল (৪০)। নিহতদের বাড়ি টাঙ্গাইল জেলায়।

অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা আরবিসি ইটভাটা এলাকায় একটি যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল (৪০) নিহত হয়।

দুই জনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত্যু ঘোষণা করেন।

নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, সিএনজিটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামে ৬ বছরের একটি শিশু কোনো আঘাত না পেয়ে অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। ধামরাই থানা কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ