মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মালবাহী ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হবার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে মূহুর্তেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় আরও ৩ জন। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা ট্রাকে আগুন দিয়েছে এবং সড়ক অবরোধ করেছে।

